
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
আগামী ১৮ এপ্রিল চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে অনুষ্ঠান সফল করতে গতকাল সন্ধ্যায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলেরুমে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো.লোকমান হাকিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তীসহ নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, দোহাজারী একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এলাকা। এটি দক্ষিণ চট্টগ্রামের স্থল ও নৌপথসহ যোগাযোগের অন্যতম সংযোগস্থল ও বানিজ্যিক এলাকা। দোহাজারীকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং জনপদকে বাসযোগ্য করতে হলে নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। দোহাজারীকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করতে আগামী ১৮ এপ্রিল দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে দোহাজারীতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।