
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. এমরান চৌধুরী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় এনডিএমের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মো. এমরান চৌধুরী বলেন, ‘আমি আশা করছি, জনগণ আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সেবা করার সুযোগ করে দিবেন। চট্টগ্রাম-১৩ আসনে যারা উন্নয়নকে ব্যাহত করেছেন, তাদের বলতে চাই আমি নির্বাচিত হলে উন্নয়নের অগ্রগতি আরও বেড়ে যাবে। সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘এনডিএম একটি সংস্কারবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই।’
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে চট্টগ্রাম-১৩ আসনে শক্তিশালী ও গণসংযোগমূলক নির্বাচনী প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। ফলে এ আসনে নির্বাচনী উত্তাপ ধীরে ধীরে বাড়ছে।